গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরি ঘাটে ট্রলার ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ বাঁধন (১০) যশোর শহরের ইটালী প্রবাসী লিটন হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কালনা ফেরিঘাটে নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে তাদের বহনকারী ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি উল্টে গেলে সবাই তীরে উঠলেও বাঁধন নিখোঁজ হয়।
জানা গেছে, লিটনের স্ত্রী মিনা বেগম ছেলে বাঁধন ও মেয়ে অন্তরাকে নিয়ে উপজেলার রাতইল গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে যশোর থেকে বাসে করে কালনা ফেরি ঘাটে আসেন ওই গৃহবধূ। পরে তিনি ছেলে মেয়ে নিয়ে ট্রলারে উঠেন। মধুমতি নদীপাড় হয়ে গোপালগঞ্জের পাড়ে আসলে ঘাটে নোঙ্গর করা ফেরির সঙ্গে সজোরে ধাক্কা লেগে তাদের ট্রলারটিউল্টে যায়। মিনা বেগম তার মেয়ে অন্তরাসহ ট্রলারের সবাই পাড়ে উঠে আসে। কিন্তু মিনার ছেলে বাঁধন নিখোঁজ হয়।
কাশিয়ানী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নূর তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুটির খোঁজ করছে।
