বন্দি স্থানান্তরের সুবিধার্থে হানিফ ফ্লাইওভার বন্ধ

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১২:০৩
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগারে বন্দি স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে বন্দি স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। বন্দি স্থানান্তরের সময় নিরাপত্তার খাতিরে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে জনসাধারণের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
 
কারা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই স্থানান্তর কার্যক্রমে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ৬টি বহরে প্রায় দুই হাজার ৬০ জন বন্দিকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়েছে। প্রতি বহরে প্রায় ৩০০-৩২০ জন বন্দিকে স্থানান্তর করা হচ্ছে।
 
বন্দি স্থানান্তর বিষয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, স্থানান্তর প্রক্রিয়া যে গতিতে চলছে, তা অব্যাহত থাকলে আজকের মধ্যেই সব বন্দি স্থানান্তর করা সম্ভব হবে।
 
এদিকে বন্দি স্থানান্তর নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিসি) শেখ মারুফ হাসান জানান, মেয়র হানিফ ফ্লাইওভার বন্ধ থাকার সময়টায় সাধারণ লোকজন নিচ দিয়ে চলাচল করতে পারবেন।
তিনি সাংবাদিকদের বলেন, বন্দি স্থানান্তরে নিরাপত্তার বিষয়ে নির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি।
 
শেখ মারুফ হাসান বলেন, যে রুট দিয়ে বন্দিদের নেয়া হবে, সেখানে ভোর ৪টা থেকে আমরা দায়িত্ব নিয়েছি। সূর্যাস্ত পর্যন্ত বন্দি স্থানান্তরের কাজ চলবে। বাকিদের শনিবার নেয়ার নির্দেশনা রয়েছে।
 
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ, এপিবিএন ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর কড়া পাহারায় বন্দিদের স্থানান্তর করা হচ্ছে।