কক্সবাজারের টেকনাফে ’জঙ্গি’ নেতা সালাউল ইসলাম ও সৌদি নাগরিকসহ চার জনকে আটক করেছে বিজিবি।
শনিবার বাজহারছড়া ইউনিয়নের শামলাপুর এক বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজার জেলার দক্ষিণ মহরি পাড়ার মৃত হাফেজ জিয়াউর হকের ছেলে ’জঙ্গি’ নেতা আরএসও’র সাবেক কমান্ডার সালাউল ইসলাম, বাড়ির মালিক শামলাপুর মৃত মকবুল আলীর ছেলে মাওলানা সৈয়দ করিম, সৌদি নাগরিক আবু সালে আহমেদ আল গাম্বী ও ঢাকার বাসিন্দা মৃত আবদুল হামিদের ছেলে মৌলভী মো. ইব্ররাহীম।
টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান,শনিবার দুপুরে শামলাপুরের সৈয়দ করিমের বাড়িতে ’জঙ্গি’ নেতা সালাউল ইসলাম ও সৌদি নাগরিক আবু সালে আহমেদ আল গাম্বী বৈঠক করছিলেন। সংবাদ পেয়ে বিজিরি একটি দল অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করে।
