আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে বিরোধী দলীয়পন্থী সশস্ত্র গ্রুপের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। থানায় জিম্মি ঘটনার জের ধরে গত শুক্রবারও তাদের সঙ্গে সংঘর্ষ হয়।
এদিন সন্ধ্যায় পুলিশ ভবনের কাছে এ গুলির ঘটনা ঘটে। গত ১৭ জুলাই বিরোধী নেতা ঝিরাইর সেলফিয়ানের সমর্থক সশস্ত্র গ্রুপটি একটি পুলিশ ভবনে হামলা চালায়। এসময় একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা ও কয়েকজনকে বন্দী করে। এছাড়া বেশকিছু অস্ত্র জব্দ করে তারা।
তবে বুধবার সব পুলিশ সদস্যকে ছেড়ে দিলেও গ্রুপটির আহত সদস্যদের চিকিত্সার জন্য চারজন মেডিকেল স্টাফকে আটকে রাখে। এ ঘটনার সমর্থনে জনগণ প্রেসিডেন্ট সারজেহ সারকিসিয়ানের পদত্যাগ এবং “স্বাধীন আর্মেনিয়া মুক্ত কর” বলে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এসময় তাদের ওপর পুলিশ লাঠি, ধোঁয়া, গুলি ও শব্দবোমা ছোড়ে। হামলায় অনেক প্রতিবাদকারীর আহত হওয়ার খবর মেলে।
তাছাড়া সশস্ত্র গ্রুপের তিন সদস্য আহত হয়েছেন। তবে তারা হাসপাতালে যেতে অস্বীকৃতি জানায়। ভিডিওতে দেখা যায়, অন্য আহতদের এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে করে নেওয়া হচ্ছে। পুলিশের এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটি জানিয়েছে।
ওদিকে গ্রুপের ২৪ জন সদস্য এখনো পুলিশ ভবনে অবস্থান করছেন। এরমধ্যে একজন চিকিত্সককে জিম্মিদশা থেকে মুক্ত করা হয়েছে। গত জুনে নিউ আর্মেনিয়া পাবলিক সালভেশন ফ্রন্ট দলের নেতা সেলফিয়াকে আটক করা হয়। তিনি রাজধানীর সরকারি ভবন দখল ও টেলিকম সুবিধা ভন্ডুল করে নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। -আল জাজিরা
