ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদকে ভূষিত একে আজাদ খান ও সায়মা ওয়াজেদ হোসেন

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ০০:০৪
ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন ড. একে আজাদ খান ও সায়মা ওয়াজেদ হোসেন। গতকাল শনিবার শাহবাগে বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ পদক দেওয়া হয়। ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ডায়াবেটিস রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখার এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন কর্তৃক গ্লোবাল অ্যাওয়ার্ড প্রাপ্তির স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ খান এবং অটিজম ও নিউরো ডেভলপেমন্টাল ডিসওর্ডারস-এ দেশে বিদেশে খ্যাতি অর্জনের স্বীকৃতি স্বরূপ সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেনকে ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক-২০১৬ দেওয়া হয়।
 
অর্থমন্ত্রী বলেন, আর্তমানবতার সেবায় যারা আত্মনিয়োগ করেন জাতি তাদের চিরদিন স্মরণ রাখে। ডা. মোহাম্মদ ইব্রাহিম আর্তমানবতার সেবায় নিজেকে উত্সর্গ করে স্মরণীয় হয়ে আছেন। মন্ত্রী ডা. ইব্রাহিমের আদর্শ বাস্তবায়নে ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের প্রশংসা করেন এবং তাদের কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।
 
মুক্তিযোদ্ধা ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাঈদ উদ্দিন, জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক এআর খান এবং বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার।