মুক্তাগাছায় ছুরিকাঘাতে বড় ভাইকে খুন

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১১:১০
 
ময়মনসিংহের মুক্তাগাছায় বড় ভাইকে ছুরিকাঘাতে খুন করেছেন ছোট ভাই। শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার বাঁশাটি ইউনিয়নের জয়দা গ্রামে এ ঘটনাটি ঘটে। 
 
ভাঙ্গারি ব্যবসায়ী বড় ভাই আকতর আলীকে (৫৫) খুনের অভিযোগে রবিবার সকালে ছোট ভাই আকবর আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়দা গ্রামে নিজ বাড়িতে রাতে বড় ভাই আকতার আলী ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে ঘুমন্ত ভাইকে ডেকে তুলে আকবর আলী আকতরের বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। ঘাতক ছোট ভাই আকবর আলীকে গ্রেফতার করা হয়েছে । 
 
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, রবিবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।