‘দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে সেটা বিশ্বাস করে না মানুষ!’

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৪:৩৮
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশনের কাজের গাফিলতির কারণেই মানুষ বিশ্বাস করতে চায় না দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। দুদকের ব্যাপারে মানুষের মধ্যে বিশ্বাস নেই। এই বিশ্বাসহীনতার কথা স্বীকার করতে লজ্জা নেই, এটাই সত্য।
 
রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘ দেশে বিভিন্ন সেক্টরের দুনীতির কারণে সব অর্জনই নষ্ট হয়ে যাচ্ছে। দুদক ওপর মানুষের বিশ্বাস আছে কি নেই, আমি এই তর্কে যাব না। তবে এটা সত্য মানুষ বিশ্বাস করতে চায় না, দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। আমরা সেই রকম কাজ করতে পারিনি বলে এই বিশ্বাসহীনতা, এটা স্বীকার করতে আমার লজ্জা নেই, এটাই সত্য। আর এই দায় শুধু আমাদের না, সমাজের সকল স্তরের মানুষের। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায় বেশি।
 
সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, শিক্ষা  মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহজাহান মিয়া, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তফা, রাষ্ট্রপতি কার্যালয়ের উপসচিব তপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মোট ১৯ জন বক্তা বক্তব্য রাখেন।