বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঢালাওভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের বিরোধিতা করা হচ্ছে। যারা আন্দোলন করছেন তারা সুনির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক যুক্তি তুলে ধরতে পারছেন না।
প্রকল্পটির বিরোধিতাকরীরা তথ্য বিকৃতির মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছেন বলেও অভিযোগ করেন তিনি। রবিবার রাজধানীতে বিদ্যুৎ ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে উপলক্ষে ‘গ্রাহক সেবায় প্রি-পেমেন্ট মিটার’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রামপাল প্রকল্পের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা একাধিকবার বসেছি। আমাদের যুক্তি তুলে ধরেছি। প্রকল্প এলাকা ঘুরিয়ে এনেছি। তারপরও তারা আমাদের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখছেন। বিরোধিতাকারীরা নিজেদের যুক্তির পক্ষে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরতে পারছেন না। বরং তথ্য বিকৃতি করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
জনগণকে আশ্বস্ত করে নসরুল হামিদ বলেন, সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পিডিবি চেয়ারম্যান শামসুল হাসান মিয়া, পেট্রোবাংলা চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসান।
