এক মাসের মধ্যে সাড়ে ৩ হাজার নার্স নিয়োগ :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২৩:০২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, এক মাসের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ নতুন সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেয়া হবে। এছাড়া আরো দশ হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে। এটা সম্পন্ন হলে হাসপাতালগুলোতে নার্স সংকট থাকবে না। গতকাল রবিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
 
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার শহীদুল গনীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. সামিউল ইসলাম প্রমুখ। পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কুর্মিটোলা জেলারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট, ওটি কমপ্লেক্স, ক্যাথল্যাব এবং আইসিইউ ইউনিট উদ্বোধন করেন।
 
সিরাজগঞ্জে বৃক্ষ মেলার উদ্বোধন
 
সিরাজগঞ্জ প্রতিনিধি :স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম পরিবেশ সুরক্ষায় বেশি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জঙ্গি সন্তান লালন-পালনের চেয়ে একটি গাছ লালন করা অনেক ভাল কাজ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতি বছর গাছ লাগিয়ে দেশকে সবুজ শ্যামল বাংলাদেশে পরিণত করেছেন, মানুষের বাস উপযোগী করেছেন। কিন্তু বিএনপি-জামায়াত জঙ্গিবাদে মদদ দিয়ে দেশের অমঙ্গল ডেকে আনছেন, তারা দেশের ভাল চান না। তারা একাত্তরের ঘাতকদের বিচার বন্ধের ষড়যন্ত্র হিসেবে জঙ্গি হামলায় অর্থায়ন করছেন।
 
গতকাল রবিবার বিকালে সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী  বৃক্ষ মেলার উদ্বোধনী উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন খাদ্য উত্পাদনের দেশ-বিদেশে চাল রপ্তানির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রীকে এর কৃতিত্ব  দিয়ে মোহাম্মদ নাসিম বলেন দেশের ফলদ ও বৃক্ষ সম্পদও বেড়েছে। শেখ হাসিনার শাসনামলেই ‘মাছে- ভাতে বাঙালি’ প্রবাদের বাস্তবায়ন হয়েছে। অনেকে এখন গাছ লাগাতে উদ্বুদ্ধ হয়েছেন, বাসার ছাদে টবে গাছ লাগিয়েছেন।
 
পরে মন্ত্রী মেলার উদ্বোধন করে কৃষি বিভাগের একটি স্টলও পরিদর্শন করেন। একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ শহরের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাছ বিতরণ ও সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার কৃষি কর্মকর্তা জনপ্রশাসন স্মারক পদক লাভ করায় তাকে অভিনন্দন ও সম্মাননা পদক প্রদান করেন। 
 
সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি বিভাগের যৌথ আয়োজনে বাজার স্টেশনের মুক্তির সোপান পাদদেশে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী ফলদ-বনজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেলিনা বেগম স্বপ্না এমপি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জান্নাত আরা তালুকদার হেনরী, বন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন এবং কৃষি বিভাগের উপ-পরিচালক ওমর আলী।