জাতীয়করণ হলো রাণীনগর শের-এ-বাংলা মহাবিদ্যালয়ের

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৪:৫৫
অবশেষে জাতীয়করণ হলো অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শের-এ-বাংলা একে ফজলুল হক এর নামে প্রতিষ্ঠিত উত্তর বঙ্গের (তৎকালীন ১৯৭২ সালে) একমাত্র মহাবিদ্যালয় নওগাঁর রাণীনগর শের-এ বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয়টি। 
 
বর্তমান সরকার অঙ্গিকার করেছিলেন যে, প্রত্যেক উপজেলায় একটি করে কম্বাইন (কো-এডুকেশন) কলেজ ও একটি স্কুল সরকারি করার জাতীয়করণ করা হবে। এরই প্রেক্ষিতে জাতীয়করন করা হলো রাণীনগর শের-এ বাংলা (ডিগ্রী) মহাবিদ্যালয়টি। 
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত ৩০ জুন ৭এ/০৯/সি-২/২০১৩/৫৬৩৯(ক)/৫ নং স্মারক লিপিতে এই জাতীয়করণের তালিকা প্রকাশ করেন। স্মারকে দেশের ১৯৯টি কলেজের নাম উল্লেখ করা হয়েছে যেখানে রাণীনগর শের-এ বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয়ের ক্রমিক নং ১১৯।  এই জাতীয়করণের মধ্য দিয়ে উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। তাই অত্র কলেজের ছাত্র/ছাত্রী, অবিভাবক, এলাকাবাসী ও সুধীমহল বর্তমান উন্নয়নমুখী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 
উপজেলার প্রবীণ শিক্ষক মো. মোফাজ্জল হোসেন বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার চরম সৌভাগ্যের বিষয় যে, জীবনের শেষ প্রান্তে এসে উপজেলার এই প্রসিদ্ধ বিদ্যাপিঠকে জাতীয়করণ করা হয়েছে তা দেখে যেতে পারলাম। 
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন বলেন, ভাবতে ভালোই লাগছে যে, এই উপজেলার প্রত্যন্ত এলাকার গরীব-অসহায় মেধাবী শিক্ষার্থীরা বাড়ির কাছে সরকারি কলেজে পড়ালেখা করতে পারবে। এই কলেজ জাতীয়করণের মধ্য দিয়ে উপজেলাবাসী আরেকবার প্রমাণ পেলো যে, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আমরা অচিরেই এই জাতীয়কণ কার্যক্রমের বাস্তবায়ন দেখতে চাই।  
 
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বলেন, এটা ভাবতে খুব ভালো লাগছে যে, আমরা যে কলেজে পড়ালেখা করেছি সেই কলেজটি অনেক কাঠ-খড় পোড়ানোর পর বর্তমান শিক্ষা বান্ধব সরকার জাতীয়করণ করলেন। তাই সরকারের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।
 
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খর হোসেন পথিক জানান, স্থানীয় সংসদ সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমাদের এই প্রাপ্তি। তাই মহাবিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্যসহ বর্তমান শিক্ষামুখি সরকারের প্রতি রইলো অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা।