কুবিতে নিহত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৮:৫০
কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের ছাত্রলীগ নেতা কাজী খালেদ সাইফুল্লাহর লাশ সোমবার বিকেলে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় ঈদগা কবরস্থানে দাফন করা হয়।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ময়না তদন্ত শেষে দাউদকান্দিতে তার লাশ আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
 
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মডেল থানা জামে মসজিদের ঈমাম মাওলানা জয়নাল আবেদীনের ছেলে কাজী খালেদ সাইফুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং কাজী নজরুল ইসলাম হল শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
 
শোকের মাস আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন করতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় কুমিল্লা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
খালেদ সায়ফুল্লাহ শিক্ষক জয়নাল আবেদীনের ৫ মেয়ে ও ২ ছেলের মধ্যে তৃতীয়। সে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১১ সালে ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। তার অপর ভাই এবং দুই বোন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।
 
দাউদকান্দিতে জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর আইনুল হক, সাধারণ সম্পাদক ড. কাজি কামাল উদ্দিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিব মেহেদী হাসান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া এবং দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।