আলেপ্পোর পূর্বাঞ্চল সরকারি বাহিনীর দখলের পর সেখানে ব্যাপক হামলা আরম্ভ করেছে সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো। আক্রমণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তারা। জোটের পক্ষ থেকে এমন তথ্য দেওয়া হয়েছে।
বিদ্রোহী জোটের মধ্যে রয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট আল নূসরা ফ্রন্টের সাথে জড়িত জাভাত ফাতাহ আল শাম গ্রুপ এবং আহরার আল শাম গ্রুপ। জোট জানিয়েছে, সরকারি নিয়ন্ত্রিত শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর অবস্থানগুলো তারা দখলে নিয়েছে। আক্রমণ আরম্ভের কয়েক ঘণ্টার মধ্যেই তারা সফল হয়েছে।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ বিগ্রহের কারণে এ শহরে ৩ লাখ লোক আটকা পড়ে আছে। এখানে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা গেছে বলে জাতিসংঘের এক পরিসংখ্যানে জানা গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির সেনাবাহিনী হামলার সত্যতা স্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, বিমানঘাঁটি থেকে বিদ্রোহী সৈন্যদের হটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া হিকমা স্কুল দখলের বিষয়টি নাকচ করে দিয়েছে আসাদপন্থী বাহিনী। এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরতলীগুলোর বেশকিছু যুদ্ধক্ষেত্রে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই হয়েছে। -আল জাজিরা
