কাউখালীতে পোস্ট অফিসের কাগজপত্র ও মালামাল তছনছ

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২২:৩২
পিরোজপুরের কাউখালীতে পোস্ট অফিসের মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র রবিবার দিবাগত গভীর রাতে  তছনছ করেছে দুর্বৃত্তরা।
 
কাউখালী উপজেলা পোস্ট মাস্টার মো. মজিবুর রহমান মল্লিক জানান, রবিবার দিবাগত রাতে থানা সংলগ্ন উপজেলা পোস্ট অফিসের ভেন্টিলটর ভেঙ্গে দুর্বৃত্তরা প্রবেশ করে। কম্পিউটার রুমের মালামালসহ দুর্বত্তরা অফিসের জরুরি কাগজপত্র তছনছ করে। এরপর কেচিগেট ভেঙ্গে অফিসের সিন্ধুকসহ জরুরি কাগজপত্র বাইরে ফেলে দেয় । রাতে বৃষ্টিতে জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যায়। তবে দুর্বত্তরা সিন্ধুকটি ভাঙতে না পারায় টাকা পয়সা নিতে পারেনি।
 
তিনি আরো জানান, চুরির উদ্দেশ্য অথবা অন্যকোন কারণে অফিস ক্ষতির জন্য দুর্বত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে । এ ঘটনায় কাউখালী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
 
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্বত্তরা কোন আর্থিক ক্ষতি করতে পারেনি। অফিসের কিছু কাগজপত্র বাইরে ফেলে দেয়ায় বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।