জঙ্গিবাদের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২৩:৩৯
গতকাল ছিল প্রতিবাদের দিবস। এ প্রতিবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। দেশের সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সংখ্যা হিসেবে এ প্রতিবাদে অংশ নিয়েছে কোটি মানুষ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মীরাও এতে অংশ নিয়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূলে তাদের অবস্থান তুলে ধরে। বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত রেখে মানববন্ধন, শোভাযাত্রা  করে শিক্ষার্থীরা।
 
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার মাসপূর্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী সোমবার দেশব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
 
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে রাজু স্মারক ভাস্কর্য পর্যন্ত রাস্তার দুই পাশে মানববন্ধন কর্মসূচি পালন কয়েক হাজার শিক্ষক- শিক্ষার্থী। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার, মিরপুর, ধানমন্ডি, উত্তরা, বনানী, গুলশানসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, স্কুল ও কলেজের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় মানববন্ধনে অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ। এ ছাড়া বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ, বোরহানউদ্দিন কলেজ, তেজগাঁও কলেজ ও ঢাকা নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন শহীদ মিনারের কর্মসূচিতে। কর্মসূচি পালন করে ঢাকা  মেডিক্যাল কলেজও।
 
ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিরা মানুষ হত্যার মতো জঘন্য কাজ করছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন,  কোনো ছেলে-মেয়ে যেন বিপর্যস্ত না হয় কিংবা বিপথগামী না হয় এ বিষয়ে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে নজর রাখতে হবে।
 
মিরপুরে রূপনগর মডেল স্কুল এ্যান্ড কলেজ, কল্যাণপুরে আশা ইউনিভার্সিটি ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি, সোবহানবাগে ড্যাফোডিল ইউনিভার্সিটি, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ, বনানীতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ধানমন্ডিতে ইসলামির আরবী বিশ্ববিদ্যালয়, উত্তরায় উত্তরা ইউনিভার্সিটি, যাত্রাবাড়ীতে এ কে স্কুল, মিরপুরের প্রাইম ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি কর্মসূচি পালন করে।
 

ঢাকার বাইরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের পার্ক ভিউ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শাহ খুররম ডিগ্রি কলেজ, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) খুলনার সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাস, বিভাগীয় স্বাস্থ্য অফিস, সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রভৃতি স্থানে এ কর্মসূচি পালিত হয়।