নগর সংস্কৃতি

শিল্পকলায় তুলির আঁচড়ে উদ্ভাসিত প্রিয় নেতা

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০০:১৬
‘আমি বঙ্গবন্ধুর কথা মায়ের কাছে শুনেছি। বইতে পড়েছি; কিন্তু এখানে ছবিগুলো দেখতে ভাল লাগছে। বঙ্গবন্ধুকে যেন কাছ থেকে দেখার অনুভূতি হচ্ছে’ বলছিলেন প্রদর্শনী দেখতে আসা বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নায়লা শারমীন। জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসাবে শুরু হয়েছে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্র প্রদর্শনী।
 
বাঙালির প্রাণপ্রিয় নেতার ছবি দেয়ালজুড়ে। অতি পরিচিত কিন্তু একেকজন শিল্পীর চোখে বঙ্গবন্ধু নানামাত্রায় উদ্ভাসিত। কোথাও তার দৃপ্ত ভঙ্গিমা, কোথাও তিনি চিন্তামগ্ন, কোনো কোনো ক্যানভাসে তার অতি পরিচিত ছবিগুলোকেই ক্যানভাসে আঁকা হয়েছে।
 
প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী বিরেন সোম, আহমেদ সামসুদ্দোহা, শেখ আফজাল, শাহজাহান আহমেদ বিকাশ, মো. আলপ্তগীন, মো. কামাল উদ্দিন, ময়াজ উদ্দিন, আবুল কালাম আজাদ, মাকসুদুল আহসানসহ ১৪৮ জন শিল্পীর ১৫০টি চিত্রকর্ম। এর মধ্যে রয়েছে শিল্পী প্রদ্যুত্ কুমার দাসের ১টি ভাস্কর্য শিল্প।
 
গতকাল সোমবার একাডেমির জাতীয় চিত্রশালার ৩ নম্বর গ্যালারিতে বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
 
মাসব্যাপী আয়োজনে থাকছে ৫-৩১ আগস্ট বঙ্গবন্ধুর জীবনী পাঠ, ‘বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তি’ বিষয়ক আলোচনা, শিশুদের চিত্র প্রদর্শনী, ‘বঙ্গবন্ধুর গল্প শোন’ শীরোনামে গল্প বলার আসর, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর উপর রচিত গান ও কবিতার উপর ভিত্তি করে আর্টিস্ট ক্যাম্প প্রভৃতি।
 
পাঠক সমাবেশে ‘জাতির জনককে
 
জানুন’ শীর্ষক বই প্রদর্শনী
 
বই পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুকে জানার এ প্রয়াসটি নিয়েছে শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শনীর আয়োজন করেছে তারা। ‘জাতির জনককে জানুন’ শীর্ষক মাসব্যাপী এ গ্রন্থমেলার সূচনা হয় সোমবার। বইমেলার এ আয়োজনে প্রতিদিন বিকালে থাকবে বঙ্গবন্ধুর জীবনী আলোচনা ও কবিকণ্ঠে কবিতা পাঠ।
 
উদীচী
 
শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রথম সাধারণ সম্পাদক মোস্তফা ওয়াহিদ খানকে স্মরণ করলো উদীচী। তার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন হয় স্মরণ সভার।  ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ এবং ‘ও আলোর পথযাত্রী’ গান দুইটি পরিবেশন করে উদীচীর শিল্পীরা। এরপর শুরু হয় আলোচনা সভা। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবাণী ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শঙ্কর সাওজাল, প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন প্রমুখ।
 
ড. রণজিত্ কুমার বিশ্বাসের
 
স্মরণে আলোচনা সভা
 

সদ্যপ্রয়াত অবসরপ্রাপ্ত সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রমুখ।