বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে :ত্রাণমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০০:২০
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, দেশের ১৬ জেলা বন্যাকবলিত হয়েছে। দুর্গতদের জন্য নগদ সাড়ে ছয় কোটি টাকা ও ১৩ হাজার মেট্রিকটন চাল-গম বরাদ্দ দেয়া হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাড়িঘর থেকে পানি না নামা পর্যন্ত তাদের খাবার দেওয়া হবে। কোথাও ত্রাণ সামগ্রী নিয়ে হাহাকার নেই। দুর্গতদের ঘরে-ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হবে। কেউ ত্রাণ নিয়ে ছিনিমিনি খেললে তাদের কঠোর শাস্তি পেতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে বিত্তবানদের দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।
 
গতকাল সোমবার  শিবালয় উপজেলার বন্যাদুর্গত জাফরগঞ্জ এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন।
 
এ সময় নাঈমুর রহমান দুর্জয় এমপি, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, এএসপি জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, তেওতা ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।