পানিতে ডুবে নবীনগরের দূর্গারামপুর, কাঠালিয়া ও শ্যামগ্রামে তিন শিশুর মৃত্যু হয়েছে। নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের সিফাত নামের এক শিশু সোমবার সকালে পানিতে ডুবে মারা গেছে। সে কাঠালিয়া গ্রামের নাছির মিয়ার ছেলে। জানা গেছে, সিফাত সকালে বড় বোনের সঙ্গে পুকুরঘাটে খেলা করার সময় পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া রবিবার সন্ধ্যায় মেঘনা নদীর পানিতে ডুবে আ: আজিজ নামের এক শিশুর মৃত্যু হয়। সে দূর্গারামপুর গ্রামের আক্তার মিয়ার ছেলে। জানা গেছে, আ: আজিজ সন্ধ্যায় বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পার্শবতী মেঘনা নদীর পাড় বন্ধুদের সঙ্গে খেলার সময় পানিতে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে উপজেলার শ্যামগ্রামে রবিবার বাড়ীর পার্শ্ববতী পুকুরের পানিতে ডুবে অর্ণব নাগ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়। সে শ্যামগ্রাম বাজারের কাপড় ব্যবসায়ী রাজীব চন্দ্র নাগের একমাত্র সন্তান।
