মহাদেবপুরে রাস্তা পাকাকরণের দাবিতে ধানের চারা রোপণ

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০২:১৫
নওগাঁর মহাদেবপুর উপজেলার রজয়পুর গ্রামে মাটির একমাত্র রাস্তার পাকাকরণ না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে একশ’ হিন্দু পরিবারের সদস্যরা। বর্ষার কয়েক মাস রাস্তা হাঁটু কাদা থাকায় চলাচলের অযোগ্য হওয়ায় গ্রামে ৮০ জন শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়। দীর্ঘদিন রাস্তাটি পাকাকরণের দাবি জানানোর পরও সরকারি কোনো উদ্যোগ গ্রহণ না করায় শিক্ষার্থী ও গ্রামবাসী রাস্তার ওপর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানান।
 
রজয়পুর গ্রামে প্রায় একশ’ হিন্দু পরিবারে চারশ’ জন লোকের বসবাস। গ্রামে প্রায় ২০ বছর আগে এক কিলোমিটার দূরত্বে একটি কাঁচামাটির রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি বাঁকাচোরা হয়ে পাতনা রাস্তায় যুক্ত হয়। খরা মৌসুমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে কয়েক মাস হাঁটু পর্যন্ত কাদা হয়ে যাওয়ায় চলাচলের একেবারে অনুপযোগী হয়ে যায়।
 
এ কারণে গ্রামের মানুষ প্রতিদিন মহাদেবপুর, নওগাঁসহ বিভিন্ন স্থানে চলাচল করতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এদিকে বর্ষার এই কয়েক মাস ধান, সবজিসহ অন্যান্য ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকেন। রাস্তা নির্মাণ থেকে এই এক কিলোমিটার রাস্তা পাকাকরণ করা দাবি জানিয়ে আসেন এলাকাবাসী। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
 
বিজয় মণ্ডল (৭৫) জানান, তাদের গ্রামের পার্শ্ববর্তী দেড় থেকে দুই কিলোমিটার দূরে পাতনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাট-চকগৌরী উচ্চ বিদ্যালয়। গ্রামে ৮০ জন শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করছে।
 
স্থানীয় ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার জানান, রাস্তার কারণে গ্রামবাসীর সমস্যা হচ্ছে। রাস্তাটি পাকাকরণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।