পদ্মা নদীতে নৌকা ডুবে একজন নিহত ও তিনজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সকালে রাজশাহীর চারঘাট সীমান্ত সংলগ্ন ভারতে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি উপজেলার বাবনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস (৪৮) মুর্শিদাবাদ জেলার জলঙ্গি উপজেলার খয়েরতলা গ্রামের আব্দুস সোবহানের ছেলে। বিজিবির ইউসুফপুর ক্যাম্পের নায়েব সুবেদার সুলতান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির নায়েব সুবেদার জানান, ভারতীয় সীমান্তবর্তী বিভিন্ন এলাকার প্রায় ৪০ শ্রমিক মঙ্গলবার সকালে একটি নৌকায় ভারতীয় সীমানার বাবনাবাদ গ্রামের পদ্মার চরে পাটকাটার উদ্দেশে রওনা হন। এ সময় অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি পদ্মা নদীর বাবনাবাদ বিএসএফ ক্যাম্পের মাত্র এক কিলোমিটার দূরে ডুবে যায়। এ সময় অনেকে নদী সাঁতরে তীর উঠলেও ৭ ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে আব্দুল কুদ্দুস মারা যান।
