নাটোরের সঙ্গে পাবনার বাস চলাচল বন্ধ

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৯:৩০
পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের গাড়ির বৈধ কাগজপত্র হাইওয়ে পুলিশ দেখতে চাওয়ার প্রতিবাদে নাটোরের সঙ্গে পাবনার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পাবনা মালিক সমিতি।
 
মঙ্গলবার দুপুরে পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে নাটোরের সঙ্গে পাবনার সব ধরণের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
 
নাটোর বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার জানান,  সোমবার দুপুরে পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পাবনা থেকে রাজশাহীগামী এবি পরিবহন নামের একটি বাস নাটোর রেলগেটে পৌঁছালে হাইওয়ে পুলিশ গাড়িটির গতিরোধ করে। এ সময় পুলিশ গাড়ির চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোন কাগজ প্রদর্শন করতে পারেনি। এ নিয়ে পুলিশের সঙ্গে গাড়ি চালকের বাক বিতণ্ডা হয়। পরে ঘটনাটি নাটোর জেলা মিনি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমানের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়।
 
এ ঘটনায় পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনে নাটোরের সঙ্গে পাবনার বাস চলাচল বন্ধ ঘোষণা করেন।