ময়মনসিংহে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লিফলেট বিতরণ

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৯:৫৮
মঙ্গলবার সকালে ময়মনসিংহে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও তা নির্মূলে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
তথ্য মন্ত্রণালয়ের দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা তথ্য অফিস এ আয়োজন করে। জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শম্ভুগঞ্জ ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় বাসযাত্রী ও পথচারীদের মধ্যে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী লিফলেট বিতরণ করে এই কর্মসূচি উদ্বোধন করেন।
 
সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে জেলা প্রশাসক সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে তাদেরকে বিশেষ করে ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান।
 
লিফলেট বিতরণ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত সব মহলের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ধন্যবাদ জানান। তারা ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবিলার অঙ্গীকার করেন। এ সময় অন্যান্যের মধ্যে এডিসি, এডিএম ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।