মুরাদনগরে বিপুল পরিমাণ অবৈধ সংযোগের গ্যাসের পাইপ জব্দ

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৩:০৯
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে গ্যাস সংযোগের বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
 
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অবৈধ গ্যাস লাইন টানার সময় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এসব পাইপ উদ্ধার করে পুলিশ।
 
জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার মুগসাইর গ্রাম থেকে লক্ষীপুর গ্রামে গ্যাস সরবরাহ করে অবৈধ অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রায় আট হাজার ফুটের একটি অবৈধ গ্যাস লাইন টানার কাজ শুরু করে উপজেলার সিদ্ধেশ্বরী গ্রামের আনিছ। গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ওই অবৈধ পাইপ লাইন সনাক্ত করে  থানায় খবর দেয়। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ গ্যাস পাইপ জব্দ করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ লাইন সংযোগকারী আনিছ পালিয়ে যায়।
 
স্থানীয়রা জানায়, লক্ষীপুর গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে বৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার নাম করে আনিছ প্রতি গ্রাহকের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে।এ টাকা ফিরত পেতে তারা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।