দুধকুমার নদের ভাঙনে শতাধিক পরিবারের বসতবাড়ি বিলীন

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ০১:০৯
ভুরুঙ্গামারীতে দুধকুমার নদের অব্যাহত ভাঙনে প্রায় শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে। ভাঙন কবলিত এলাকাগুলো হলো শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রাম, তিলাই ইউনিয়নের উত্তরছাট গোপালপুর, ভুরুঙ্গামারী সদরের চরনলেয়া, ইসলামপুর এবং বঙ্গসোনাহাট ইউনিয়নের ভরতেরছড়া ও গনাইরকুঠি গ্রাম। এসব এলাকার প্রায় শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে।
 
হুমকির মুখে রয়েছে চৌধুরী বাজার ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ হিসাবে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়েছে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রবিউল ইসলাম জানান, তালিকা তৈরি করা হয়েছে। শীঘ্রই ভাঙন কবলিত পরিবারগুলোর মধ্যে টিন ও অর্থ বিতরণ করা হবে।