গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে রাসেল আহমেদ (২৫) নামের এক মাদকাসক্তকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহমেদ। বুধবার বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় গাংনী উপজেলা চত্ত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন তিনি।
রাসেল আহমেদ গাংনী পৌর শহরের র্যাব ক্যাম্প পাড়া এলাকার হারেজ উদ্দীন কসাইয়ের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ২২ (খ) ধারায় রাসেল আহমেদকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন ও বিক্রিতে অতিষ্ট হয়ে ছেলে রাসেল আহমেদের বাবা হারেজ আলী দুপুরের দিকে গাঁজাসহ পুলিশের হাতে সোপর্দ করেন।
রাসেলের বাবা হারেজ আলী বলেন, 'একমাত্র ছেলে রাসেলকে পরিবারের পক্ষ থেকে গাঁজা সেবন ও বিক্রি করা থেকে দূরে রাখার অনেক চেষ্টা করা হয়েছে। তাকে মাদক থেকে দুরে থাকার কথা বললে সে আমাদের নানাভাবে হুমকি দিতো। এছাড়া আমাদের ওপর নেমে আসতো শারীরিক নির্যাতন। তার নির্যাতনে রাসেলের স্ত্রীও বাড়ি ছেড়ে চলে গেছে। বুধবার গাঁজা বিক্রি করার চেষ্টা করলে আড়াই শ’ গ্রাম গাঁজাসহ তাকে পুলিশে দেয়া হয়।'
