ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদী ভাঙ্গনের কবলে গত ৪দিনে গ্রামের বসতঘর, মসজিদ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এতে ১৪টি গ্রামের ক্ষতিগ্রস্ত প্রায় ৭‘শ ৫০ পরিবার অন্যত্র এলাকায় ঘরবাড়ি ভেঙ্গে সরিয়ে নিয়েছে।
আজ বৃহস্পতিবার ও বুধবার দুই দিনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে ১৫ টন চাউল, ডাল, লবণ, সোয়াবিন তেল এবং আলু খাদ্য হিসেবে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাসসহ উপজেলা প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার জানান, এ পর্যন্ত কামারখালী ইউনিয়নের মধুমতি নদী ভাঙ্গনে ১৪টি গ্রামের প্রায় সাড়ে ৭’শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও কিছু এলাকা নদী ভাঙ্গনের কবলে পড়ছে সেগুলোর তালিকা করা হচ্ছে। পর্যাপ্ত ত্রাণ তাদের মধ্যে বিতরণ করা হবে।
