যশোরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় যাবজ্জীবন

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৫:১২
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আলী আহম্মেদ গঙ্গানন্দপুর গ্রামের মোশারেফ বিশ্বাসের ছেলে।
 
যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন। হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৮ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। 
 
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান আব্দুল জলিল নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হলে পথিমধ্যে সন্ত্রাসীরা তাকে হত্যা করে ফেলে রাখে। পরদিন সকালে স্থানীয় লোকজন বিজয় চৌকিদারের জমিতে তার (আব্দুল জলিল) লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনে।
 
এ হত্যাকাণ্ডের পরদিন ৩০ জুলাই নিহত আব্দুল জলিলের ছেলে শাহেদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘশুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আলী আহম্মেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। দণ্ডপ্রাপ্ত আলী আহম্মেদ পলাতক রয়েছেন।
 
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি তাজমিলুর রহমান স্বপন ও এপিপি আসাদুজাজামান বাবুল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস শহীদ লাল।