সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং খনিজ পানির বোতলে নির্ধারিত মূল্যের চেয়ে পাঁচ টাকা করে বেশি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত তিনটি খাবার রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
বুধবার সন্ধ্যায় উল্লাপাড়ার হাটিকুমরুলে তিনটি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। ফুড গার্ডেন, ফুড ভিলেজ ও হোটেল এ্যারিস্ট্রোকেট থেকে জরিমানার এসব অর্থ আদায় করা হয়।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাবনা জোনের সহকারী পরিচালক হাসানুজ্জামান ও সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
