‘আসুন, সবাই মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ি’- এ স্লোগান নিয়ে পিরোজপুরে আজ বৃহস্পতিবার কমিউনিটি পুলিশিং পিরোজপুর থানা কমিটি র্যালির আয়োজন করে।
বঙ্গবন্ধু চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ভাগিরথী চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশ্রাফ, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট এম এ মান্নান ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝি বক্তব্য রাখেন।
পুলিশ সুপার জঙ্গি এবং সন্ত্রাসীদের দমনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সকল শ্রেণি ও পেশার মানুষের আন্তরিক সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মূল সম্ভব নয়। তিনি প্রতিটি বাড়ির মালিকদের ভাড়াটিয়া তথ্য ফরম জরুরি ভিত্তিতে পূরণ করে থানায় জমা দেয়ার জন্য অনুরোধ রাখেন।
