আইএসে যোগদানের আহ্বান: তাজিকিস্তানে কিশোরের ১০ বছরের জেল

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৯:১৪
তাজিকিস্তানের একটি আদালত ১৬ বছর বয়সী এক কিশোরকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। তাজিক নাগরিকদের ইসলামিক স্টেট গ্রুপে যোগ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান জানানোর দায়ে তাকে এ সাজা দেয়া হলো। 
 
বৃহস্পতিবার আদালতের এক কর্মকর্তা এএফপিকে বলেন, হিদয়াতুল্লো ছদ্মনামে কাজ করা তাজিকিস্তানের উত্তরের সুগদ অঞ্চলের স্কুলপড়ুয়া এ কিশোর রাশিয়ার সোশ্যাল নেটওয়ার্ক ওদোনোক্লাসনিকি-তে এক হাজার জনকে দলে টানে। কর্মকর্তা ওই স্কুলছাত্রের নাম উল্লেখ না করে তাকে কিশোর হিসেবে তুলে ধরে এবং তার দণ্ডাদেশের মেয়াদের খবর নিশ্চিত করেন। বুধবার তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।
 
গত ডিসেম্বরে একটি তাজিক আদালত দেশের দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের পতাকা উত্তোলনের দায়ে সাতজনকে সাজা দেয়। এদের মধ্যে তিন কিশোর। আদালত তাদেরকে সাত থেকে ২৭ বছরের কারাদণ্ড প্রদান করে। সরকার জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী শাখার সাবেক প্রধানসহ প্রায় এক হাজার নাগরিক ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত এ জিহাদি গ্রুপে যোগ দিতে দেশ ত্যাগ করে। এএফপি।