পুলিশ ও ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা, এএসআই বরখাস্ত

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২১:৩৩
সোনারগাঁওয়ে আবদুল মতিন (৪৮) নামে এক পান ব্যবসায়ী ও পুলিশ সদস্য আরিফ হত্যার ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হয়েছে।
 
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আল আমিন তালুকদার বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের উল্লেখ ও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি মামলা করা হয়েছে।
 
এদিকে দ্বায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
 
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম ওবায়দুল হক জানান, বুধবার বিকেলে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক ফখরুল ইসলাম পুলিশ সদস্য আরিফ হোসেনকে নিয়ে সোনারগাঁও রাইজদিয়া এলাকায় যান। এ সময় মাদক ব্যবসায়ী (পুলিশের মতে) মতিনকে দেখে ধরার জন্য ধাওয়া করে। এ সময় মতিন রাস্তার পাশে পানিতে লাফ দিলে তাকে ধরার জন্য পুলিশ সদস্য আরিফকে নির্দেশ দেন এএসআই ফখরুল ইসলাম। পরে মতিনকে ধরতে কনস্টেবল আরিফ পানিতে নামলে তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পানিতে ডুবে মতিনের মৃত্যু হয়। পরে এলাকাবাসী কনস্টেবল আরিফকে ইট-পাটকেল নিক্ষেপ করে পানিতে ফেলে হত্যা করে।  
 
এদিকে দুটি হত্যার ঘটনা সঠিক তদন্তে অতিরিক্ত ডিআইজির আদেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এলাকার নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।