জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া যতই জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করুক না কেন যুদ্ধপরাধীদের মত তাদের রক্ষা করতে পারবে না। জঙ্গিরা বঙ্গবন্ধুর খুনিদের মতই আত্মস্বীকৃতি খুনি। ইসলাম ধর্মকে কলুষিত করার অপচেষ্টাকারী ও সন্ত্রাসী জঙ্গিবাদীদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, এরাই শান্তিপূর্ণভাবে ধর্ম পালনকারীদের পৃথিবীতে বসবাস কঠিন করে দিচ্ছে। যারা বিপথে গিয়ে মানুষ হত্যা করে আমাদের পবিত্র ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করে তাদের বিরুদ্ধে সমগ্র জাতীকে সোচ্চার হতে হবে। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হবে। কারণ জঙ্গিবাদ শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা।
তিনি আরো বলেন, আমরা বীরের জাতি ও বিজয়ী জাতি। আমরা সন্ত্রাসী ও জঙ্গিবাদের কাছে পরাজিত হব না। শান্তির বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক হয়ে জঙ্গিদের নির্মূল করতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেল ৪টায় মিরপুর উপজেলা অডিটরিয়াম হলরুমে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে ইমাম সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমাদের লড়াই সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের আবার নতুন করে লড়াইয়ে নামতে হবে। এই লড়াই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়ার লড়াই।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।
