মাগুরায় ভাম্যমান আদালত বৃহস্পতিবার রাতে শহরের নতুন বাজার সাহা পাড়া এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রায় ৭০ হাজার টাকা মূল্যের মেয়াদবিহীন বিস্কুট জব্দ করে। একইসঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সুবল চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। জব্দকৃত বিস্কুট নবগঙ্গা নদীর তীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
মাগুরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল্লাহের নেতৃত্বে একটি ভাম্যমান আদালত শহরের নতুন বাজার সাহা পাড়া এলাকায় ব্যবসায়ী সুবল চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের মেয়াদবিহীন বিভিন্ন প্রকার বিস্কুট পায়। এই বিস্কুটের প্যাকেটের গায়ে মেয়াদের কোন তারিখ দেয়া ছিল না।
ম্যাজিস্ট্রেট জানান, যেদিন বিস্কুট বিক্রি করা হয় সেইদিন তারিখ বসিয়ে বিস্কুট বিক্রি করা হয়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরে জব্দকৃত বিস্কুট নবগঙ্গা নদীর তীরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
