মোড়েলগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৩:২১
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় রিয়াদ সেখ (২৮) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
 
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টায় মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী এলাকার দরগাহ বাড়ি খালের ব্রিজের কাছ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। রিয়াদ সেখ খারইখালী গ্রামের মৃত সিদ্দিক সেখের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
নিহতের পরিবারের সদস্যরা জানায়, বুধবার সকালে রিয়াদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
পুলিশের ধারণা, বুধবার কোনো এক সময় রিয়াদ হোসেনকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে।
 
 
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাশেদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।