মিসরে ইসলামিক স্টেটের সিনাই শাখার প্রধান নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৭:৩১
মিসরের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের অভিযানে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সিনাই শাখার প্রধান আবু দুয়া আল-আনসারি নিহত হয়েছেন। এ অভিযানে জঙ্গি সংগঠনটির আরো প্রায় ৪৫ জন সদস্য নিহত নিহত হয়।
 
সামরিক সূত্র জানায়, সিনাই প্রদেশে আইএস যোদ্ধাদের ওপর ধারাবাহিক বিমান হামলায় আবু দুয়া আল-আনসারি নিহত হন।
 
আল-আরিশ শহরের কাছে জিহাদিদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়। মিশরের সিনাই প্রদেশে জঙ্গি গ্রুপ সবচেয়ে বেশি সক্রিয় এবং সিনাই ও কায়রোয় ভয়াবহ অনেক হামলার সাথে এ জঙ্গি গ্রুপের যোগসূত্র রয়েছে।
 
মিশরের সামরিক বাহিনী জানায়, তাদের এসব অভিযানে ৪৫ জনের বেশী সন্ত্রাসী নিহত এবং আরো অনেকে আহত হয়। সেখানে সামরিক বাহিনীর অভিযানে জিহাদি গ্রুপের অনেক আগ্নেয়াস্ত্র ধ্বংস হয়।
 
জিহাদি গ্রুপ সামরিক বাহিনীর বিবৃতির ব্যাপারে কোন মন্তব্য করেনি। ২০১১ সাল থেকে সিনাই উপদ্বীপে এ জিহাদি গ্রুপ সক্রিয় রয়েছে।
 
উল্লেখ্য, ২০১৩ মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনীর মদদে উৎখাত হওয়ার পর থেকে মিশরে ইসলামি জঙ্গিবাদ আরো মাথা চাড়া দিয়ে ওঠে।- এএফপি