রায়পুরে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১০:২৫
 
লক্ষ্মীপুরের রায়পুরে দেয়ালের নিচে চাপা পড়ে আফছানা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলবি (৮) ও রিনা (১১) নামের আরো দুই শিশু গুরুতর আহত হয়েছে। 
 
শুক্রবার দিবাগত সন্ধ্যার দিকে পৌর শহরের খেজুরতলা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির নিরাপত্তা (বাউন্ডারি) পাকা দেয়াল ভেঙ্গে পড়লে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত আফছানা উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার রিকশা চালক দুলাল মিয়ার মেয়ে। তারা খেজুরতলা এলাকায় একটি টিনশেডের বাড়িতে ভাড়া থাকেন।
 
আহত আলবি ও রিনাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলবির বাম পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
 
প্রত্যক্ষদর্শী ও নিহতের মা রোকেয়া বেগম জানান, আফছানা বিকালে ৬ টার দিকে বাসার সামনে কয়েকজন বন্ধু মিলে খেলা করছিল। এক পর্যায়ে বামনী ইউনিয়নের সাইছা গ্রামের বদু মিয়ার ছেলে মুসলিম উদ্দিনের নির্মাণাধীন বাড়ির বাউন্ডারির দেয়াল ভেঙ্গে তাদের ওপর পড়ে। পরে এলাকার লোকজন দেয়াল সরিয়ে আফছানাকে মৃত অবস্থায় উদ্ধার করে। অন্য দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
 
স্থানীয় কাউন্সিলার মো. আহছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৌদি প্রবাসী মুসলিম উদ্দিনের পাঁচতলা ভবন নির্মাণ করছেন। নির্মাণ কাজও প্রায় শেষ। বাকি কাজের জন্য আরও বালু এনে বাউন্ডারি দেয়াল ঘেঁষে রেখেছেন। বালুর চাপে দেয়াল ভেঙ্গে পড়ে দুর্ঘটনাটি ঘটে।
 
রায়পুর থানার উপ-পরির্দশক (এসআই) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।