জঙ্গিবাদ প্রতিরোধে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৮:২৭
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। 
 
আবুল কালাম আজাদ বলেন, দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে তখনি দেশের উন্নয়নের গতিকে থমকে দেয়ার জন্য দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, সুশীল সমাজ, সরকারী কর্মচারী ও সংবাদমাধ্যমের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলা করা হবে। প্রত্যেক শিক্ষকই একজন ছাত্রছাত্রীদের জন্য আদর্শ ও পরামর্শক। ছাত্র শিক্ষক এবং সকলের চেষ্টায় জঙ্গিবাদ নামক অপশক্তি একদিন দেশ থেকে বিতাড়িত হবে।
 
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সোহরাব হোসাইন, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ, পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ঢাকার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 
 
শিক্ষা সচিব সোহরাব হোসেন বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায় ছাত্রছাত্রীদের সচেতন, নজরদারি ও পরামর্শ দেয়ার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। জঙ্গিবাদের মাধ্যমে যারা দেশের উন্নয়ন ব্যাহত করছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার জন্য শিক্ষকরা সামনে থেকে নেতৃত্বে দিয়ে জাতিকে পথ দেখাবে। প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান প্রধানগণ তাদের মতামত তুলে ধরেন। সকল প্রতিষ্ঠান প্রধানগণ তাদের লিখিত পরামর্শ জেলা প্রশাসক, ঢাকার কাছে জমা দেন।