আইএস হটিয়ে সিরীয় বিদ্রোহীদের দখলে মানবিজ

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৮:৫৯
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মানবিজ প্রায় পুরোপুরি দখলে নিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি এবং আরব বিদ্রোহীরা। মানবাধিকার কর্মীদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই খবরটি জানিয়েছে।
 
আইএসের কথিত রাজধানী রাকা এবং আলেপ্পোর অধীন এলাকার রাস্তাগুলোর সংযোগস্থল মানবিজ। এ স্থান থেকে জঙ্গি গোষ্ঠীটি খুব সহজেই তাদের যোদ্ধা, অস্ত্র এবং অন্যান্য জিনিস সিরিয়ার ভেতরে ও বাইরে সরবরাহ করতে পারে। গত দুই বছর ধরে ওই এলাকা দখলে রেখেছিল তারা।
 
তবে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ জানিয়েছে, শহরের কেন্দ্রে এখনো কিছু আইএস জঙ্গি রয়েছে। দুইমাস ধরে মার্কিন সমর্থিত যৌথ বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স শহরটি পুনরুদ্ধারে অভিযান চালিয়ে আসছে। এ যৌথ বাহিনীতে কুর্দি মিলিশিয়া বাহিনী ওয়াইপিজি রয়েছে।
 
বিদ্রোহী যৌথ বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শহরের ৯০ শতাংশ এলাকা তারা দখলে নিয়েছেন।
 
জুনে আইএস ও যৌথ বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের পর শহরটি অবরুদ্ধ এবং বিচ্ছিন্ন করে রাখা হয়। এছাড়া জুলাইয়ে মার্কিন পরিচালিত যৌথ বাহিনী বিমান হামলা চালালে শহরের সংলগ্ন একটি গ্রাম থেকে লোকজন পালিয়ে যেতে শুরু করে। এতে ১১ শিশুসহ অসংখ্য বেসামরিক জনগণ নিহত হয়। সহিংসতার কারণে মানবিজে ৭০ হাজার মানুষ আটকে রয়েছেন। এ ধরনের হামলায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান হুঁশিয়ারিও দেন। -বিবিসি
 
ইত্তেফাক/এএস