পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন ঠেকাতে মরিয়া বিজেপি

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৯:১৮
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিরোধিতার সূত্র ধরে পুরোদস্তুর মেরুকরণের রাজনীতিতে নেমে পড়েছে বিজেপি। দলটির হুমকি, বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তন ঠেকাতে না পারলে,  সংসদে তা ঠেকিয়ে দেবে। খবর আনন্দবাজার পত্রিকার।
 
পশ্চিমবঙ্গের নাম বদলে ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং বাংলা ভাষায় ‘বঙ্গ’ বা ‘বাংলা’ রাখার প্রস্তাব পাশ করেছে রাজ্য মন্ত্রিসভা। এর বিরোধিতা করে আগামী ১৬ অগস্ট ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গত শুক্রবার বলেন, ‘আমরা রাজ্যের নাম পরিবর্তনে বিশ্বাসী নই। মুখ্যমন্ত্রী চাইছেন, রাজ্যের নাম বর্ণানুক্রমে এগিয়ে আসুক। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শব্দটিই ইংরেজিতে লেখা যায়।’
 
রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিসভায় গৃহীত হলেও তা বাস্তবায়ন করতে কয়েকটা ধাপ পেরোতে হবে। সর্বদলীয় বৈঠক ঘুরে ওই প্রস্তাব যাবে বিধানসভায়। তারপর সংসদে পাশ হলে তবেই বদলাবে ‘পশ্চিমবঙ্গ’ নাম।
 
রাজ্য বিজেপি এদিন বুঝিয়ে দিয়েছে, সংখ্যার শক্তিতে তৃণমূল বিধানসভায় পার পেয়ে গেলেও লোকসভায় বুঝে নেবেন তারা। তবে পর্যবেক্ষকদের মতামত হলো, বিষয়টিকে সামনে রেখে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বিজেপি। ১৯৪৬ সালের ১৬ থেকে ১৮ অগস্টের ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ এবং নোয়াখালির দাঙ্গার কথা স্মরণ করাচ্ছেন বিজেপি নেতারা। তারা বলছেন, দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার ফলে যারা বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন তাদের ‘কান্না’ পশ্চিমবঙ্গ নামটার মধ্যে ধরা আছে।
 
ইত্তেফাক/এএস