রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ২০:০২
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। এবার ছিল তার ৭৫তম প্রয়াণ তিথি।
 
মহাকালের চেনা পথ ধরে প্রতিবছর বাইশে শ্রাবণ আসে। এই বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবি ভক্তদের কাছে একটি শূন্য দিন। রবীন্দ্র কাব্য সাহিত্যের বিশাল একটি অংশে যে পরমার্থের সন্ধান করেছিলেন সেই পরমার্থের সাথে তিনি লীন হয়েছিলেন এদিন।
 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী দু'দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম দিন শনিবার একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আহমদ রফিক রচিত রবীন্দ্রজীবন (তৃতীয় খ-)-এর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
 
দ্বিতীয় দিন আগামীকাল রবিবার বিকেল ৪টায় একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একক বক্তৃতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং রবীন্দ্রপুরস্কার-২০১৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রবিষয়ক একক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।
 
এ বছর রবীন্দ্রপুরস্কার প্রদান করা হবে অধ্যাপক সৈয়দ আকরম হোসেন এবং শিল্পী তপন মাহমুদকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ।
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আকতার কামাল ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমীর সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন। খবর- বাসস।