হোমনায় সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগ

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০২:১৩
হোমনা উপজেলা সদরের চৌরাস্তা মোড় থেকে বাস স্টেশন পর্যন্ত মাত্র এক কি.মি সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন যাবত্ উপজেলার পূর্ব-উত্তর এলাকার ২ লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
সড়কটিতে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কটিতে এসব খানা-খন্দকের কারণে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন। ফলে প্রতিনিয়ত কয়েক হাজার সিএনজি অটোরিকশাসহ ২ লক্ষাধিক মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
 
পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম জানান, সড়কটি সওজের হওয়ার কারণে এতদিন এটি সংস্কার করতে পারিনি। সওজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। খুব শীঘ্রই কাজ শুরু হবে।