জয়পুরহাটে বিশ্ব কবির ৭৫তম প্রয়াণ দিবস উদযাপন

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১০:৩১
‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’, সমবেত কন্ঠে এই কালজয়ী গান পরিবেশনের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, জয়পুরহাট জেলা শাখা উদযাপন করেছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মহা প্রয়াণ দিবস ।
 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে জয়পুরহাট বেসরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার। এতে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। 
 
বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফেরদৌস আরা লিপি’র নেতৃত্বে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’, ‘গানের ভিতর দিয়ে যখন দেখি ভূবনখানি’, ‘অন্তর মম বিকশিত কর অন্তর তর হে’।  অনুষ্ঠানে আবৃত্তিকার মোস্তাহেদ ফাররোখের নেতৃত্বে ’বৃন্দ’ কবিতা আবৃত্তি করেন আনন্দধারা শিশু সংগঠনের শিক্ষার্থীরা। এ ছাড়াও অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন মুশরাত সুলতানা মুক্তা, দেবাদ্রীতা কুণ্ডু, উৎপলা চৌধুরী, শুভময় হক, মৌমিতা, প্রেমা দাস ও শুদ্ধ মন্ডল।
 
এর আগে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক-লেখক আমিনুল হক বাবুল, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা প্রমুখ। 
 
 
ই্ত্তেফাক/এমআই