পিরোজপুরের কাউখালীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোল্লার হাট এলাকায় স্থানীয় কয়েকজন যুবক মেয়েটিকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আসাদুল ও রাজু নামের দুই যুবক তাকে ধর্ষণ করে। তাদের সহযোগিতা করে উজ্জ্বল, সৈকত ও রাকিব নামের আরো তিন যুবক।
মেয়েটি জানিয়েছে, ‘ছেলেগুলো আমাকে ধরে জোর করে স্থানীয় জালাল মোল্লার ঘরে নিয়ে যায়। সেখানে উজ্জ্বল ছিল। পরে আমাকে আসাদুল ও রাজু ধর্ষণ করে। ধর্ষণের পরে রাজুর মুঠোফোনে আসাদুল আমার ছবি ধারণ করে। এরপর ওরা বলে যে, এ কথা কাউকে জানালে এ দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে। পরে আমি বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানাই।’
কাউখালী থানার পুলিশ মেয়েটিকে পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠায়। এরপর রাতে পিরোজপুর সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়। ঘটনার রাতেই মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান হাসপাতালের ডা. ফারহানা রহমান।
ঘটনাস্থল পিরোজপুরের সহকারী পুলিশ সুপার মো. ওয়ারেচ হোসেন পরিদর্শন করেছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ননী গোপাল রায় বলেন, 'মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার পর আজ রবিবার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে।'
কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, 'শনিবার রাতে মেয়েটির বাবা দুইজনের বিরুদ্ধে ধর্ষণ ও তিনজনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।'
ইত্তেফাক/কেকে/এমআই
