চাতলপাড়ে মাছ ধরার সরঞ্জাম বিক্রির হাট

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১২:৩৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর বেষ্টিত চাতলপাড় বাজারে বর্ষা মৌসুম এলেই চাঁই, আইডা, গোলচাঁইসহ মাছ শিকারের সরঞ্জাম বেচাকেনার হাট বসে। সপ্তাহে দু‘দিন শনি ও বুধবার চাতলপাড় কলেজ মাঠে এ হাট বসে। স্থানীয়সহ এলাকার প্রত্যন্ত এলাকায় বাঁশ, বেত দিয়ে তৈরি করা মাছ ধরার এসব সরঞ্জাম নিয়ে বিক্রেতারা চাতলপাড় হাটে নিয়ে বিক্রি করছে। পেশাদার মাছ শিকারী থেকে শুরু করে সৌখিন শিকারীরা পর্যন্ত কিনে নিচ্ছে মাছ ধরার এসব সরঞ্জাম। 
 
ভরা বর্ষাতে কাঙ্খিত বৃষ্টিপাত হওয়ায় নদী-নালা ও জমিতে প্রয়োজনীয় পানি থাকায় নিপুণ হাতের তৈরি বাঁশ-বেতের এসব মাছ শিকারের সামগ্রী বিক্রি হচ্ছে। 
 
কারিগর বনব আলী সরকার ও ফুলন দাস জানান, চাঁই তৈরির বাঁশ ক্রয় করে এ কাজে বাড়ির গৃহিণী থেকে শুরু করে ছেলে-মেয়েরাও সহযোগিতা করে। বর্ষা মৌসুমকে সামনে রেখে এসব তৈরি করে থাকেন তারা। এসব তৈরিতে প্রকারভেদে খরচ পড়ে ৫০ থেকে ৩শ’ টাকা। আর তা বিক্রি হয় ১শ’ থেকে ৫শ’ টাকায়।  
 
কারিগররা আরও জানান, এসব তৈরিতে আগের চেয়ে খরচও বেড়েছে। ফলে আগের মতো আর লাভ হয়না। 
 
উপজেলার চাতলপাড় বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছ ধরার এসব সরঞ্জাম আকার ও গুণগত মানভেদে বিক্রি হয় বিভিন্ন দামে। বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বাঁশ-বেতের তৈরি মাছ শিকারের এসব সামগ্রী বিক্রি হয় সবচে বেশি। এবার দেরিতে বর্ষা হওয়ায় চাতলপাড়ে ভরা বর্ষাতে চাঁই বিক্রি ভাল হচ্ছে।