এবার বন্যার পানিতে ভেসে আসছে ভারতের শিয়াল

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৬:২৯
নাগেশ্বরীতে বন্যার পানিতে ভেসে আসা শত শত শিয়ালের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। লোকালয়ে ঢুকে তারা খাচ্ছে গৃহপালিত পশু-পাখি।
 
চলতি বন্যায় উপজেলার বালাবাড়ী, শোলমারী, উত্তর ধনীরামপুর, মধ্য ধনিরামপুর, সরকারটারী, ঝিঞ্জিরা বালার চর, তরিরহাট, ছোট ছড়ারপাড়, নায়েকের হাট, শোভারকুটিসহ বিভিন্ন সীমান্ত দিয়ে পানি সাতরে ভারতের আসাম রাজ্য থেকে এদেশে প্রবেশ করেছে শত শত শিয়াল। তারা আশ্রয় নেয় এসব এলাকার অপেক্ষাকৃত উচু জায়গায়। বন্যার পানি কমার সাথে সাথে তারা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। লোকালয়ে ঢুকে তারা খাচ্ছে গৃহপালিত হাঁস-মুরগি ও ছাগল। এতে অতিষ্ট হয়ে পড়েছে ওইসব এলাকার মানুষ। গৃহস্থের আক্রমনে প্রতিদিনই মারা যাচ্ছে অসংখ্য শিয়াল।
 
কচাকাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য দ্বীজেন চন্দ্র প্রধান, শোভারকুটি গ্রামের আশিকুর রহমান চঞ্চল, পাপিয়া সুলতানা,  সহ ওইসব এলাকার অনেকেই জানান এমনিতেই দীর্ঘস্থায়ী এ বন্যায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। তারপর পানি কমতে না কমতেই সীমান্তের ওপার থেকে ভেসে আসা শিয়ালের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে পড়েছি। প্রতিদিনই তারা খাচ্ছে আমাদের হাঁস, মুরগী, কবুতর ও ছাগল। গত দুই দিনে ওইসব এলাকায় প্রায় ৫০ টি হাঁস-মুরগী ও কয়েকটি ছাগল খেয়ে ফেলেছে শিয়াল।