রফতানিমুখী পোশাক শিল্পে কর্মরত সকল শ্রমিকদের জন্য পেনশন সুবিধা চালু করার পরিকল্পনা করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। পর্যায়ক্রমে দেশের সকল শ্রমিকদের এই পেনশন সুবিধার আওতায় আনা হবে। রবিবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এসব কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, রফতানিমুখী পোশাক শিল্পের শ্রমিকদের কল্যাণে সরকার একটি বিশেষ কল্যাণ তহবিল গঠন করেছে। চলতি বছরের জুলাই থেকে এই কল্যাণ তহবিলে রফতানিমুখী পোশাক শিল্প থেকে প্রায় ৮৯ লাখ টাকা জমা হয়েছে।
প্রতি বছর রফতানিমুখী পোশাক শিল্পের এই খাতে শতকরা তিন ভাগ হারে প্রায় ৭০ কোটি টাকা জমা হবে। এতে যে আয় হবে তা দিয়ে রফতানিমুখী পোশাক শিল্পে কর্মরত সকল শ্রমিকদের জন্য পেনশন সুবিধা চালু করার জন্য সরকার বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করবে।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরো জানান, বর্তমানে সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১৭১ কোটি টাকা জমা হয়েছে। ইতোমধ্যে এই তহবিল থেকে আড়াই কোটি টাকা বিতরণ করা হয়েছে। শ্রমিকদের সন্তানরা এই তহবিল হতে ২৫ হাজার থেকে তিন লাখ পর্যন্ত আর্থিক সহায়তা ও বৃত্তি পাবে।
