৭১'র পরাজিতরা বিভিন্ন নামে জঙ্গিবাদ চালাচ্ছে: রেলপথ মন্ত্রী

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ২২:৫৫
রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, "জঙ্গি-সন্ত্রাসী ও নাশকতাকারীরা দেশ ও জাতির শত্রু। '৭১ এর পরাজিত শক্তিরাই দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন নামে জঙ্গিবাদী কর্মকাণ্ডসহ সন্ত্রাস নাশকতা চালাচ্ছে।"
 
জঙ্গিরা এখন বিএনপি'র আশ্রয়-প্রশ্রয়ে থেকে সাধারণ মানুষের ক্ষতি করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'জামায়াত-শিবির দেশের স্বাধীনতা চায়নি। তারা দেশের শত্রু ও জাতির শত্রু। তারা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা গুলশান ও শোলাকিয়ায় হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু।'
 
এসময় রেলপথ মন্ত্রী সন্ত্রাস এবং তাদের মদদদাতাদের  প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। রবিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামীলীগ নেতা নুর-উর রহমান মাহমুদ তানিম, মাসুদ পারভেজ খান ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম সহ প্রমুখ।
 
সন্ধ্যায় উপজেলা সদরে সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী এক বিশাল মিছিল বের করা হয়। এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন।