ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেনের ১২৬তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন চট্টগ্রামের মানুষ। ১৮৯৪ সালের ২২ মার্চ রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্ম নেয়া এই মহান বিপ্লবীর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকাল ১০টায় রাউজান উপজেলা সদরের সূর্যসেন চত্বরে মাস্টারদা সূর্যসেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় পাঠাগার সভাপতি শ্যামল কুমার পালিতসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাস্টারদা সূর্যসেন স্মৃতি রক্ষা পরিষদ, সূর্যসেন স্মৃতি সংসদ, রাউজান উপজেলা আওয়ামী লীগ, রাউজান ছাত্রকল্যাণ সংসদ পৃথক পৃথকভাবে বাঙালির সংগ্রামী চেতনার বাতিঘর মাস্টারদা’র প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান, প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ। পরে সূর্যসেন পাঠাগারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ১৯৩০ সালে চট্টগ্রামের অস্ত্রাগার দখলের মতো ঐতিহাসিক ঘটনা এবং এর কিছুদিনের মধ্যে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে ব্রিটিশদের সঙ্গে সূর্যসেনের বিপ্লবী দলের সম্মুখ যুদ্ধে সাময়িক হলেও ব্রিটিশদেরই পরাজয় হয়। ১৯৩৩ সালের ২ ফেব্রুয়ারি সূর্যসেন ইংরেজ সেনাদের হাতে গ্রেফতার হয়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে এই বিপ্লবীর ফাঁসি কার্যকর করা হয়।
