জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর পালবাড়ি বাজারের পশ্চিমে খাস জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ওই গ্রামের কৃষকদের ৩/৪শ একর ফসলি জমি হুমকির মুখে পড়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর পালবাড়ি বাজারের পশ্চিমে ১৬১ শতক বিভিন্ন মামলাকৃত নাল জমি, ভূমির শ্রেণি পরিবর্তন করে প্রভাবশালীরা লাখ লাখ টাকার মাটি বিক্রি করছে। এলাকাবাসী অভিযোগ করলে তাদের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউল হাসান বরাবর একটি লিখিত অভিযোগ করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের নোটিস করা হয়েছে।
