কালাইয়ে আট পরিবার আদম ব্যাপারীর খপ্পরে নিঃস্ব

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১২:২৯
জয়পুরহাটের কালাই উপজেলায় বিদেশে লোক পাঠানোর নাম করে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে এক প্রতারক। এলাকার আটটি পরিবারের লোকজন সন্তানকে বিদেশে পাঠানোর জন্য তাদের জমি-জমা ও ভিটে-বাড়ি বিক্রি করে এসব অর্থ ওই প্রতারকের হাতে তুলে দিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে।
 
এ ব্যাপারে জয়পুরহাটের বিজ্ঞ আদালতে ওই আদম ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলার আট বছর পার হলেও আয়নুর আদালতে অনুপস্থিত থেকে নানা অজুহাতে বারবার সময়ের আবেদন করে কালক্ষেপণ করছেন।
 
এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, বগুড়ার শিবগঞ্জ উপজেলার পূর্ব আমতলী-জাহাঙ্গীরাবাদ গ্রামের আয়নুর মন্ডল নামে ওই আদম ব্যবসায়ী মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলে জয়পুরহাটের কালাই ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছয়টি গ্রামের আটজনের কাছ থেকে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে।
 
পরিবারগুলো জানায়,  ২০০৭ সালের জুন মাসে আদম ব্যবসায়ী আয়নুর টাকার নেয়ার সময় ১৫০ টাকার স্ট্যাম্পে টাকার পরিমাণ, কোন দেশ এবং কি চাকরি হবে তা উল্লেখ করে এফিডেভিট মূলে চুক্তিপত্র করেন। এবং ওই চুক্তিপত্রের  ফটোকপি প্রত্যেকের কাছে রয়েছে। চুক্তি মোতাবেক ওই পরিবারগুলো ২৪ লক্ষ্য টাকা তাকে পরিশোধও করেন। এরপর থেকে আয়নুর এলাকা ছাড়া।
 
তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরোজ হোসেন ও খলিলুর রহমান  বাদী হয়ে এফিডেভিটের ওই ফটোকপি মূলে আয়নুরের বিরুদ্ধে জয়পুরহাটের বিজ্ঞ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার আট বছরেও আদালতে এর কোনো সুরাহ হয়নি।
 
ইত্তেফাক/এএসএমইউ