বগুড়ার শেরপুর উপজেলায় একটি সবজি ক্ষেত থেকে এনামুল হক বাবু (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া এলাকা থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের চাচা নুরুল ইসলাম জানান, প্রায় চার বছর আগে খামারকান্দি পশ্চিমপাড়া গ্রামে সীমা নামের এক মেয়েকে এনামুল হক বাবু বিয়ে করে। সংসার জীবনে তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। এদিকে চার-পাঁচ আগে এনামুল ছোট ফুলবাড়ী বার্ণিঘাট এলাকায় মুঠোফোনে সম্পর্ক করে আরেক মেয়েকে বিয়ে করে। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। এমনকি সীমা আদালতে এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে বিয়ষটি মীমাংসা হলে শনিবার এনামুল কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে।
তিনি আরো জানান, গত রবিবার সন্ধ্যায় এনামুল দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যায়। এরপর গতকাল সোমবার নিজ গ্রামের একটি সবজি ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
